ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়রের বিরুদ্ধে ত্রাণ বিতরনে বিশৃংখলা ও মাপে কম দেওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর হতদরিদ্রদের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগে তিনজন ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে।
ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু জানান, বুধবার দিন ব্যাপী ফরিদপুর পৌর এলাকার ২৭টি ওয়ার্ডে ৫৪টি স্থানে ৬২ মেট্রিকটন চাল ১২৪০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি পরিমান চাল দেওয়া হয়, যা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান, ফরিদপুর পৌরসভার এক নম্বর (সাবেক) ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর্জা জাকির হোসেন খোদাবক্স রোডে দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় বিশৃংখল পরিবেশের সৃষ্টি হয়, এছাড়াও মাপে কম দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর হতদরিদ্রদের তালিকা প্রণয়নে অনিয়মের ঘটনায় ঘোষপুর ইউপির তিনটি ডিলারশীপ বাতিল করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সম্পৃক্ততার বিষয়টি তদন্তাধীন রয়েছে, তিনি দোষী প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোয়ালমারীর খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারশীপ বাতিল হওয়া ওই তিনজন হচ্ছেন, গিয়াসউদ্দিন মোল্যা, রবীন্দ্রনাথ সাহা ও মুকুল মিয়া। তাদের কাছ থেকে চার মেট্রিক টন চাল উদ্ধার করা হয়।
