অসহায় চাষিদের ধান কেটে দিচ্ছেন আনসার সদস্যরা

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০২:৪৩ এএম

দেশের অসহায় চাষিদের ধান কেটে দিচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে তারা অনেক জেলায় বোরো চাষিদের ধান কেটে দিয়েছেন। অনেক জায়গায় ধান কাটার জন্য বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। গতকাল বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মৌসুমে সারা দেশেই বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সুনামগঞ্জ জেলার হাওর ও সমতল মিলে এবার ২ লাখ ১৯ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। অন্যান্য বছরে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে ধান কাটার জন্য শ্রমিক এলেও এবার বিশ্বব্যাপী বিস্তার লাভ করা কভিড-১৯ সংক্রমণের ঢেউ বাংলাদেশেও ছড়িয়েছে। এতে দেশের প্রায় সব জেলা লকডাউন করা হয়েছে। ফলে অন্য জেলার শ্রমিকরা এবার সুনামগঞ্জ জেলায় আসতে না পারায় বোরো চাষিরা সীমাহীন দুর্ভোগে পড়েন। সম্প্রতি কয়েক দিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কৃষকদের উৎকণ্ঠা বহুগুণে বেড়ে যায়। হাওর অঞ্চলের বোরো চাষিরা শ্রমিক সংকটের চিন্তায় দিশেহারা হয়ে পড়েন।

এ অবস্থায় আগামী দিনের খাদ্য সংকট ও মন্দা কাটাতে মাঠপর্যায়ের কৃষক তথা বোরো চাষিদের ধান কেটে ঘরে তুলে দিতে উদ্যোগ নিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের পরিচালক রফিকুল ইসলাম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশনায় তিনি সিলেট রেঞ্জের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় চার হাজার আনসার ভিডিপি সদস্যদের এ কাজে উদ্বুদ্ধ করেন। তার সরাসরি তত্ত্বাবধানে সুনামগঞ্জের কমান্ড্যান্ট এনামুল খান জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ধান কাটা কার্যক্রমে নেতৃত্ব দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত