ফরিদপুরে আরও একজনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাবে এটি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ফরিদপুরে এ পর্যন্ত মোট ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।
করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির (৩৯) বাড়ি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামে। তিনি ঢাকার একটি কোম্পানিতে চাকরি করেন। অসুস্থ শরীর নিয়ে তিনি গত ২০ এপ্রিল বাড়িতে পালিয়ে আসেন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল হাসান বলেন, ওই ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়েছে। এছাড়া বাড়ির সকল সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে ওই ব্যক্তিকে নিয়ে এ পর্যন্ত ছয় জনের করোনাভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে তিন জন নগরকান্দা উপজেলার এবং বোয়ালমারী, চরভদ্রাসন ও আলফাডাঙ্গা উপজেলায় একজন করে।
