টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পক্ষে ম্যাককালাম

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৫:৫৫ এএম

ফুটবলের বিভিন্ন বড় টুর্নামেন্ট পিছিয়েছে। পিছিয়েছে অলিম্পিকও। সেদিক থেকে ক্রিকেট ভাগ্যবান। এই খেলাটির কোনো বড় আসরকে করোনাভাইরাসের কারণে থমকে যেতে হয়নি। কিন্তু সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের শঙ্কা, ক্রিকেটের ভাগ্য এতটা ভালো নাও হতে পারে। নির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংশয়ে আছেন ম্যাককালাম। অক্টোবর-নভেম্বর থেকে পিছিয়ে গিয়ে ২০২১-এর শুরুতে হতে পারে এই আসর। আর অক্টোবর-নভেম্বরে পরিস্থিতি ঠিক হলে হতে পারে আইপিএল। স্কাই স্পোর্টস পোডকাস্টে সাবেক কিউই তারকা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজের শঙ্কা প্রকাশ করেন এভাবে, ‘আমাকে যদি শেষ সিদ্ধান্ত দিতে বলা হয় তবে আমি বলব করোনাভাইরাসের কারণে অবশ্যই দোদুল্যমান অবস্থানে আছে বিশ্বকাপ। সারা বিশ্বের মতো অস্ট্রেলিয়াতে এখন লকডাউন চলছে। আমরা আসরটি থেকে মাত্র পাঁচ মাস দূরে বসে কথা বলছি। আর এখন পরিস্থিতি এমনও হয়নি যে করোনাভাইরাস পরবর্তী সময় কাটাচ্ছি। সুতরাং ওই সময়টা আসবে, ক্রিকেট পুনর্বাসন শুরু করবে, একই সঙ্গে পুরো বিশ্ব সঠিক পথে উঠতে চেষ্টা করবে এটা লম্বা সময়ের ব্যাপার। পাঁচ মাসের মধ্যে সব ঠিক হবে বলে মনে হয় না। এরপর অস্ট্রেলিয়াকে টুর্নামেন্টে আসা ১৬ দলের সবার থাকার ব্যবস্থা, সুস্বাস্থ্য, তাদের টুর্নামেন্ট স্টাফ, সম্প্রচার স্টাফদের এমন সুবিধা দেওয়া, এসব কঠিন এবং বিশাল ব্যাপার। এছাড়া অস্ট্রেলিয়া গ্যালারিশূন্য বিশ্বকাপ আয়োজন করতে চাইবে না। তার মানে গ্যালারিপূর্ণ অবস্থায় খেলা আবার কবে ফিরবে সেটা কেউই বলতে পারে না। তাই এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা দেখছি না। ২০২১ সালের শুরুতে হতে পারে। ওই সময় (অক্টোবর-নভেম্বর) বরং আইপিএল হতে পারে।’

টি-টোয়েন্টি বিশ্ব আসরের সময় আইপিএল কেন হতে পারে তারও একটা ব্যাখ্যা দিয়েছেন ম্যাককালাম। জানালেন, আইসিসি দর্শকহীন টুর্নামেন্ট করবে না বা ওভাবে আয়োজন করলে বিরাট ক্ষতি হতে পারে। কিন্তু ভারতের পক্ষে আইপিএল শুধু সম্প্রচার করলেও খুব একটা ক্ষতি নেই। তাই কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ আসন্ন অক্টোবর-নভেম্বরে আইপিএলই চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত