এই যুদ্ধ আমার একার নয়, এই যুদ্ধ দেশের সব মানুষের। আমি যেহেতু এই যুদ্ধে জয়ী হয়েছি আশা করি অন্যরাও জয়ী হতে পারবেন। ধৈর্য, দৃঢ় মনোবল আর নিয়ম মেনে চলাই এই যুদ্ধে জয়ী হওয়ার উপায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার বাড়ি ফিরে মুঠোফোনে এ প্রতিবেদককে কথাগুলো বললেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বৈরাগী ভাওড়া গ্রামের অখিল চন্দ্র সরকার।
ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা চলাকালে অখিল সরকার পরপর দুবার পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসায় গতকাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন। গত বুধবার রাতেই তার সুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। তবে আগামী সাত দিন তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।
ইউএনও আবদুল মালেক বলেন, সুস্থ হয়ে ওঠার খবরটি দুঃসময়ে আশার আলো।
