রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০১:০৩ পিএম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র (মোব প্রেসার কংক্রিট পাম্প) ছিঁড়ে পড়ে আহত প্রকৌশলী আব্দুল মবিন (৩৫) মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

তিনি পাবনা সদর উপজেলার টেবুনিয়া মজিদপুর গ্রামের কেরামত আলীর ছেলে। প্রকৌশলী আব্দুল মবিন ভারতী কোম্পানি পাহাড়পুর কুলিং টাওয়ারের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ৩টার দিকে প্রকল্পের পদ্মানদী সংলগ্ন কুলিং টাওয়ারের স্তম্ভ নির্মাণের জন্য ২ হাজার ৯০০ লোডের ঢালাইয়ের কাজ করা হচ্ছিল।

এ সময় মোব প্রেসারের হুক ছিঁড়ে কংক্রিট পাম্প নিচে পড়ে যায়। এতে মাথায় লেগে প্রকৌশলী মবিন মারাত্মক জখম হন। সঙ্গে সঙ্গে তাকে কর্মকর্তারা উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ময়নাতদন্ত শেষে শুক্রবার প্রকৌশলী আব্দুল মবিনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত