ইয়াবাসহ আটক নারী আইসোলেশনে, জামিন পেতে ‘করোনা কৌশল’

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৫:০৯ পিএম

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ইয়াবাসহ শাপলা বেগম (২৮) নামের এক নারীকে ইয়াবাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক নারী থানায় যাওয়ার পর গলা ব্যাথাসহ কাশতে থাকলে চিকিৎসকের মাধ্যমে পাঠানো হয় আইসোলেশনে। 

বিজিবি বলছে ওই নারীকে আটক এবং থানায় সোপর্দ করা পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য জানান, জামিনের সুবিধা পেতে ওই নারী গলা ব্যথার কথা উল্লেখ করেছে।  

আটক শাপলা বেগম বগুড়া জেলার গাবতলী উপজেলার সুলতাপুর গ্রামের  জাকিরুল ইসলামের স্ত্রী। শাপলা বগুড়ার একতা ক্লিনিকের আয়া। 

বিরামপুরের দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার হেলাল উদ্দিন জানান, শাপলা বেগমকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪৫ টি ইয়াবাসহ কাটলা সীমান্তে আটক করা হয়। দাউদপুর ক্যাম্পের নায়েক খোরশেদ আলম বাদী হয়ে মামলা করে শাপলাকে বিরামপুর থানায় সোপর্দ করে। 

বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, থানায় ওই নারী  জ্বর ও গলা ব্যথার কথা উল্লেখ করে কাশতে থাকে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরমর্শক্রমে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, শাপলা চিকিৎসকের কাছে গলাব্যথার কথা উল্লেখ করেছেন। তবে শাপলা বেগমের শরীরে জ্বর বা করোনার অন্য কোন উপসর্গ ছিল না। শাপলা বেগমকে আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার শাপলা বেগমের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত