মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত, এলাকায় বিশেষ ব্যবস্থা

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১০:০৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি  উপজেলার  নারুয়া  ইউনিয়নে গত  ২ দিন আগে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দেহে  করোনা শনাক্ত হয়েছে।  শুক্রবার রাত ৮ টায় বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ীর স্বাস্থ্য বিভাগ।

এদিকে স্বাস্থ্য বিভাগ থেকে তথ্য প্রাপ্তির পর পরই  ওই এলাকায় পুলিশী প্রহরাসহ  বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃতের পরিবারের সদস্য, কবর খোড়া ও গোসলের সাথে সংশ্লিষ্টদের হোম কোয়ারেন্টাইনে রাখার  উদ্যোগ  নিয়েছে বালিয়াকান্দি  উপজেলা প্রশাসন।  একইসাথে এলাকার অন্যান্য বাসিন্দাদের চলাফেরার ক্ষেত্রে বিশেষ কিছু শর্তারোপ করা হয়েছে।

নারুয়া ইউপি সদস্য শহীদুল ইসলাম জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির (৪২) বাড়ি চষাবিলা গ্রামে। সে নারায়ণগঞ্জে থাকতেন। জ্বর,সর্দি,কাশি সহ করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা ওই দিন রাতে তার লাশ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চষাবিলায় নিজ গ্রামে নিয়ে আসে। পরদিন বুধবার  সকালে তার নমুনা সংগ্রহ করার পর তাকে দাফন করা হয়। 

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম জানিয়েছেন, ওই রোগীর সংস্পর্শে আসা কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সহ অন্যান্য ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে  শুক্রবার পর্যন্ত  প্রাপ্ত হিসেব অনুযায়ী ৪৬০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত একাধিক  ব্যক্তি আছেন যাদের এক থেকে চারবার নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজবাড়ীর স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে । উল্লেখিত সময়ে করোনার  উপসর্গ  দৃশ্যমান  এমন রোগীদের নমুনা পরীক্ষা অব্যাহত রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত