তথ্য যাচাই না করে কোনো কিছু লাইক-শেয়ার করবেন না: র‌্যাবের ডিজি

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৪:২৪ পিএম

করোনা পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই না করে কোনো কিছু লাইক-শেয়ার না করার আহ্বান জানিয়ে র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, এসব কারণে ১১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

করোনাভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বলেন, গুজব ছড়ানোর অভিযোগে এরই মধ্যে অর্ধশতাধিক ওয়েবসাইটকে নজরদারিতে আনা হয়েছে।

শনিবার র‌্যাবের প্রধান কার্যালয় থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য দেখলে যাচাই না করে লাইক-শেয়ার করে থাকেন, যার কারণে অনেকেই আইনের আওতায় চলে আসেন।

আবেগতাড়িত হয়ে, না জেনে লাইক-শেয়ার না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত র‌্যাব এসব কারণে ১১ জনকে আইনের আওতায় এনেছে।

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে র‌্যাব কাজ করছে জানিয়ে চৌধুরী আবদুল্লাহ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজান আসলে পণ্যের দাম বাড়াতে হবে এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

রমজান মাসে সবাই যেন নির্বিঘ্নে চলতে পারে সে ব্যাপারে র‌্যাবের টহলদল নিয়োজিত আছে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের সংকটের মধ্যে ১২ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে জানিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাব সিরাজগঞ্জের দুগ্ধ খামারিদের পাশেও দাঁড়িয়েছে। তাদের কাছ থেকে ৩৫ হাজার লিটার দুধ র‌্যাব সদস্যদের জন্য কেনা হয়েছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতে কোনো অপরাধী যেন সুযোগ নিতে না পারে সে ব্যাপারে কাজ করা হচ্ছে। জঙ্গি- সন্ত্রাসী দমনে যেভাবে কাজ করছে র‌্যাব তা থেকে সরে আসেনি। করোনা প্রাদুর্ভাবের মধ্যে এ পর্যন্ত ৩২ জন জঙ্গিসহ এক হাজার ৩৮২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র‌্যাব সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে ৩৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই হাজারেরও বেশি ব্যক্তিকে প্রায় সাড়ে তিন কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।

একই সঙ্গে নকল হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ চিকিৎসা সামগ্রী আমদানি ও সরবরাহ করার অভিযোগে ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নয়জনকে সাজা এবং ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

পাশাপাশি লকডাউনের শুরুতে পেঁয়াজ, চালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দাম বৃদ্ধির অপচেষ্টাকারীদেরও ছাড় দেয়নি র‌্যাব।

তিনি বলেন, এ ধরনের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে র‌্যাব। কয়েকজনকে কারাদণ্ড এবং এক কোটি ৩২ লাখ টাকার মতো জরিমানাও করা হয়েছে।

এই পরিস্থিতিতে সরকারি খাদ্য সামগ্রী বিতরণে অনিয়মের ঘটনাও র‌্যাবের নজর এড়ায়নি জানিয়ে মহাপরিচালক বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি খাদ্য সামগ্রী উদ্ধার এবং আত্মসাতে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে র‌্যাব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত