হবিগঞ্জে ডাক্তার-নার্সসহ ২৬ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৪:৪৯ পিএম

হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সিলেট থেকে শনিবার পাঠানো রিপোর্টে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নারী শিশুসহ ৫জন আক্রান্ত বলে জানানো হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।

রোগীদের মধ্যে চুনারুঘাট হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, চা বাগান শ্রমিকের ৫ বছরের শিশু রয়েছেন। ওই শিশুকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে করোনার উপসর্গ নিয়ে একজন রোগী মারা যাওয়ায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নে তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

ডাক্তার, স্বাস্থ্য সহকারী করোনা আক্রান্ত হওয়ায় শনিবার থেকে চুনারুঘাট হাসপাতালের স্বাস্থ্যসেবা ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা.  মুখলেছুর রহমান উজ্জল।

তিনি জানান, এখন পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলায় করোনা আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ শীর্ষে রয়েছে। ২৬ জন করোনা আক্রান্তদের মধ্যে ২ ডাক্তার, ২ নার্সসহ স্বাস্থ্য বিভাগের মোট ৬ জন রয়েছেন।

এর আগে ডাক্তার-নার্স করোনা আক্রান্ত হওয়ায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ করা হয়।

গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে আসা মাইক্রোবাস চালক মোফাজ্জল  হবিগঞ্জে প্রথম করোনা রোগী হিসেবে ধরা পড়েন। ডাক্তার ছাড়া সকল রোগীকে হবিগঞ্জ হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত