মানসিক অবসাদ কুঁড়ে খাচ্ছিল ইনিয়েস্তাকে

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৮:০৩ পিএম

স্পেনের ফুটবল কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন, ক্যারিয়ারে একবার গভীর মানসিক অবসাদ পেয়ে বসেছিলে তাকে। সেটিও আবার ২০০৯ চ্যাম্পিয়ন্স লিগের পর ও ২০১০ বিশ্বকাপের ঠিক আগের সময়টা।

ব্যাপারটা এমন ছিল যে- সাবেক বার্সেলোনা তারকাকে রাতে নিজের বাবা-মা’র সঙ্গে ঘুমোতে হতো। অথচ তখন তার বয়স ছিল ২৫ বছর। একটি টিভি চ্যানেল এই স্প্যানিশ তারকাকে নিয়ে তথ্যচিত্র বানিয়েছে। সেখানেই ইনিয়েস্তার জীবনের এই অজানা কাহিনি ফুটে উঠেছে।

২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরে ইনিয়েস্তা চোটে ভুগছিলেন। ঠিক সে সময় তার বন্ধু এসপানিয়োলের ডিফেন্ডার ২৬ বছরের দানি জারকোয়ের হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। যা ইনিয়েস্তার জন্য ছিল চরম ধাক্কা।

৩৫ বছর বয়সী তারকা বলেন, ‘সেটা ছিল বিরাট আঘাত। সেই আঘাতে আমি যেন মাটিতে গিয়ে পড়লাম। মানসিক ভাবেও খুব খারাপ জায়গায় তখন আমি।’

দিনগুলো কি কঠিন ছিল সেটিও বলেছেন ইনিয়েস্তা, ‘একটার পর একটা দিন চলে যাচ্ছিল জীবন থেকে। বুঝতে পারছিলাম আমার কোনো উন্নতিই হচ্ছে না। ভালো লাগত না কিছু। মনে হতো, আমি আর নিজের মধ্যে নেই।’

তথ্যচিত্রে সেই দুঃসময়ের স্মৃতিচারণ করেছেন ইনিয়েস্তার মা মারিয়া লুজান এবং বাবা হোসে আন্তোনিয়োও।

মা মারিয়া বলেছেন, ‘এক দিন রাতে বুঝলাম আমার ছেলেটা একেবারেই ভালো নেই। ওপর থেকে নিচে নেমে এসে ও আমাদের সঙ্গে শুতে চাইল। চমকে গেলাম আমি, মারাত্মক ভয় পেয়ে গেলাম।’

ইনিয়েস্তার বাবা জানিয়েছেন সেই সময়টায় খেলা থেকে বিরতি নিতে চেয়েছিলেন ছেলে। ইনিয়েস্তার মনোবিদ ইনমা পুইগ বলেছেন, সেই সময়ে বার্সা কোচ পেপ গার্দিওলার সমর্থনের কথা। গার্দিওলা পুইগকে বলেছিলেন, ‘ফুটবলার নয় সবার আগে হচ্ছে ব্যক্তি ইনিয়েস্তা।’

ইনজুরি এবং মানসিক অসুস্থতার জন্য ২০০৯-১০ মৌসুমের শুরুতে বেশির ভাগ ম্যাচই খেলতে পারেননি ইনিয়েস্তা। তবে খারাপ সময় কাটিয়ে স্পেনের ২০১০ বিশ্বকাপ দলে ছিলেন এই তারকা এবং ইনিয়েস্তার একমাত্র গোলেই ফাইনালে নেদারল্যান্ডসকে হারায় স্পেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত