প্রিয় স্মারক নিলামে তুলছেন মাশরাফী-লিটন-তাসকিনরাও

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০৯:৪১ পিএম

করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে অসহায়দের জন্য অর্থ সংগ্রহে নিজেদের প্রিয় স্মারক নিলামে তুলছেন ক্রীড়াবিদরা। যে তালিকায় যোগ হয়েছে আরো বেশ কিছু নতুন নাম।

সংগ্রহে থাকা প্রিয় স্মারক সবার আগে নিলামে তোলার ঘোষণা এসেছিল মুশফিকুর রহিমের কাছ থেকে। দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়া ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন তিনি। সাকিব আল হাসান এরই মধ্যে তার ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলেছিলেন। যা বিক্রি হয় ২০ লাখ টাকায়।

মুশফিক-সাকিব ছাড়াও মোহাম্মদ আশরাফুলও তার প্রিয় দুটি স্মারক নিলামে তোলার ঘোষণা দেন। আশরাফুলে নিলামে তুলতে চান তার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির ইতিহাস গড়া ব্যাটটি এবং কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির ব্যাটটি। ফুটবলার, শুটারদের মধ্যে থেকেও এমন ঘোষণা এসেছে।

ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় যোগ দেওয়া তারকাদের তালিকায় মাশরাফী বিন মোর্ত্তজার নামটা আগেই প্রকাশ হয়েছিল। এবার জানা গেল আরো কিছু নাম। নিজেদের সংগ্রহে থাকা প্রিয় কিছু স্মারক নিলামে তুলতে চান সৌম্য সরকার, লিটন দাস, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিনরাও।

সাকিব আল হাসানের মতো ‘অকশন ফর অ্যাকশন’ পেজের মাধ্যমে নিজের প্রিয় কিছু স্মারক নিলামে তুলবেন মাশরাফী। একই প্ল্যাটফর্মে লিটন দাস তার সংগ্রহে থাকা প্রিয় একটি ব্যাট নিলামে তুলতে চান। যে ব্যাট দিয়ে ২০১৮ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, সেই ব্যাট নিলামে তুলবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

‘অকশন ফর অ্যাকশন’ এর সহ-প্রতিষ্ঠাতা প্রীত রেজা দেশের শীর্ষ একটি ইংরেজি সংবাদপত্রকে ক্রিকেটারদের স্মারক নিলামে তোলার কথা নিশ্চিত করেছেন।

গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। যে ব্যাট দিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেটি নিলামে তোলার কথা জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

তাসকিন ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা হ্যাটট্রিক বলটি নিলামে তুলতে চান। এনামুল হক বিজয় ২০১৪ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন।

এদিকে প্রয়াত ফুটবলার মোনেম মুন্না ও সাবেক ফুটবলার আলফাজ আহমেদের জার্সিও একই প্ল্যাটফর্মের মাধ্যমে নিলামে তোলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত