অনাথ শিশুদের খাদ্যসহায়তা দিলেন র‌্যাব কর্মকর্তা মোজাম্মেল হক

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০২:৩৯ পিএম

পবিত্র রমজানে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের অতিদরিদ্র শিশুরা পানি খেয়েই ইফতার করছিল।

করোনাভাইরাসের বিস্তার রোধে মাদ্রাসা বন্ধ। তাই দারিদ্রতার কারণে তারা তাদের পরিবারের সঙ্গে পান্তা ভাত আর কাঁচা মরিচ খেয়েই সাহরি শেষ করছিল।

ফেসবুকের মাধ্যমে বিষয়টি জেনে এগিয়ে আসলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. মোজাম্মেল হক।

তিনি রবিবার বিকেলে হেফজ বিভাগের সব শিশু এবং তাদের পরিবারের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন।

বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ ক্বারী আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘র‌্যাব-৪ প্রধান মো. মোজাম্মেল হক স্যারের পক্ষে সহকারী উপ-পরিচালক জাহাঙ্গীর আলম আজ (রবিবার) বিকেলে উপহারসামগ্রী মাদ্রাসায় এসে আমার কাছে দিয়ে গেছেন। আমি শিশুদের পক্ষে সেইগুলো গ্রহণ করেছি।’

এই বিষয়ে যোগাযোগ করা হলে র‌্যাব-৪ পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, ‘ফেসবুকে মাদ্রাসার শিশুদের কথা শুনে খুব খারাপ লেগেছিল। তাই এই শিশুদের এবং তাদের অস্বচ্ছল পরিবারের জন্য উপহার হিসেবে কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস পাঠিয়েছি।’

দুঃস্থদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, র‌্যাব তার সাধ্যমত মানবিক সাহায্য প্রদান করে আসছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

উপহারসামগ্রী হস্তান্তরের সময় সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ, সাটুরিয়া প্রেসক্লাবের সাবক সভাপতি অলক রায়, বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ক্যাশিয়ার তোফাজ্জ্বল হোসেন মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত