চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৪০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ।
সোমবার বিকেলে পাঁচলাইশের মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুল আজিজের (৫০) বাড়ি চন্দনাইশ উপজেলায় হলেও বর্তমানে মুরাদপুরের মির্জাপুর বাই লেইনে থাকেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুরের খলিফা দরবার অ্যালুমিনিয়াম নামের দোকানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে আজিজ। এরপর দোকানের ভেতরে একটি বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। ওই ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আজিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ অ্যালুমিনিয়াম সামগ্রী বিক্রির আড়ালে নগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
