সরকারি সহায়তার চাল আত্মসাতের অভিযোগে শরীয়তপুরে এক ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে গতকাল সোমবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ ম-ল বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) মামলাটি করেন। মামলায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপন, ৩নং ওয়ার্ডের সদস্য মোফাচ্ছেল বেপারি ও ৯নং ওয়ার্ডের সদস্য শামীম বেপারিকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে কুচাইপট্টি ইউনিয়নের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী কার্ডধারী জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নেন। তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ১৫৯০ কেজি চাল আত্মসাৎ করেন। ত্রাণের চাল আত্মসাৎ করায় দুদক এযাবৎ ৯টি মামলা করেছে।
