ফৌজদারহাট বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় আরও ৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক ও পুলিশ সদস্য রয়েছে।
মঙ্গলবার রাত ১২টায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবারে ১০০ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১২ জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে চট্টগ্রামে ১১ জন এবং লক্ষ্মীপুরের এক বাসিন্দা রয়েছে। তবে চট্টগ্রামের ১১ জনের মধ্যে ২ জন পুরোনো রোগী, যারা সাতকানিয়ার বাসিন্দা।
সিভিল সার্জন আরও বলেন, চট্টগ্রাম জেলায় নতুন ৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগরীতে ৬ জন রয়েছেন। তার মধ্যে একজন চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের ট্রাফিক সদস্য।
এছাড়া ১ জন হাটহাজারীর বাসিন্দাও রয়েছে।
অপরদিকে, মিরসরাই ও বোয়ালখালীর ২ জন বাসিন্দা রয়েছে। সাতকানিয়ায় যে দুজন রোগী আছে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পুনরায় পজিটিভ এসেছে। তারা বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডিতে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। এরপর গত ২৫ এপ্রিল থেকে শুরু হয় সিভাসুর ল্যাবে পরীক্ষা।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট ২ হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে মোট ১০৪ জনের নমুনায়। তার মধ্যে চট্টগ্রাম জেলার ৬২ জন। চট্টগ্রামে কভিড-১৯ আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন।
