ত্রাণের আটার প্যাকেটে ১৫ হাজার টাকা দিয়েছেন আমির?

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১১:২২ এএম

আমির খান সম্প্রতি একটি বস্তিতে ট্রাকে করে আটা পাঠান। ঘোষণা করা হয় যাদের প্রয়োজন, তারা এসে আটা নিয়ে যেতে পারেন। তবে প্রত্যেককে মাত্র ১ কেজি করে দেওয়া হবে। যাদের খুব প্রয়োজন ছিল তারা ওই আটা নেন এবং প্যাকেট খুলতেই দেখেন ভেতরে নগদে ১৫ হাজার রুপি।

এমন পোস্ট হোয়াটস‌ অ্যাপ, ফেইসবুক, টুইটার, টিকটক— সর্বত্র ছড়িয়ে পড়েছে। কোথাও ছবি-গ্রাফিক বানিয়ে ‘আমির খানের আজব দান’ লিখে শেয়ার করা হচ্ছে বিষয়টি।

অনেকে শেয়ার করেছেন টিকটকের একটি ভিডিও। যেখানে সাদা টুপি, নীল জামা পরা এক ব্যক্তি এই ‘ঘটনা’র কথা বলছেন। ভাইরাল পোস্টটি নিয়ে ইউটিউবে এক ব্যক্তি ভিডিও প্রতিবেদনও প্রকাশ করেছেন।

আমির খান ইতিমধ্যে করোনা সংকটে একাধিক ত্রাণ তহবিলে দান করেছেন। পরবর্তী ছবি ‘লাল সিং চড্ডা’র সেটে যে কলাকুশলীরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন, তাদেরও আর্থিক সাহায্য করছেন। তবে মিস্টার পারফেশনিস্ট আটার প্যাকেটে টাকা বিলির কোনো উদ্যোগ নেননি। ভাইরাল ঘটনাটি পুরোপুরি গুজব।

আনন্দাবাজর পত্রিকা জানায়, এই গুজবের পেছনে রয়েছে টিকটকের একটি ভিডিও। ফেসবুকে টিকটকের যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তার সূত্র ধরেই টিকটকে ‘aamir khan donation’ লিখে সার্চ করা হয়। খোঁজ মেলে টুপি পরা সেই ব্যক্তির মূল ভিডিও। ৫৭ সেকেন্ডের ওই ভিডিও শেয়ার হয়েছে Crazytraveller@khansaheb028 নামে একটি অ্যাকাউন্ট থেকে। যা ৪০ লাখবার দেখা হয়েছে।

সেখানে আটার প্যাকেটে ১৫ হাজার রুপি বিতরণের ঘটনাটি বললেও একবারও আমির খানের নাম আসেনি। শুধু যে ব্যক্তি ওই উদ্যোগ নিয়েছেন তাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেয়ার করতে বলা হয়। এরপর কীভাবে যেন জড়িয়ে গেছে আমিরের নাম!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত