সুনামগঞ্জে নতুন ১১ জনের করোনা শনাক্ত, অনেকেরই উপসর্গ নেই

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৩:৩০ পিএম

সুনামগঞ্জে নতুন করে আরও ১১জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে আক্রান্ত অনেকেরই কোনো উপসর্গ নেই।

মঙ্গলবার জেলা সিভিল সার্জন মো. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের গাড়ি চালক, স্যনেটারি ইন্সপেক্টর ও একজন মাঠকর্মী করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়।

এছাড়া আক্রান্তদের মধ্যে ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শহর শাখার এক কর্মকর্তা থাকায় ব্যাংক কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

সুনামগঞ্জে এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেন ২৬জন। এর মধ্যে একজন সুস্থ্ হয়েছেন। বর্তমানে ১৫জন আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত ৬৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৪৬ জনের নমুনা পরীক্ষার ফল জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত হওয়া ১১জনের মধ্যে চারজন বিশ্বম্ভরপুর, তিনজন দোয়ারাবাজার, দুইজন দক্ষিণ সুনামগঞ্জ এবং সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একজন করে।

বিশ্বম্ভরপুর উপজেলায় শনাক্ত হওয়া চারজনের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। অপর ব্যক্তি (১৮) গাজীপুরে শ্রমিককের কাজ করতেন। সম্প্রতি বাড়িতে এসেছেন।

দোয়ারাবাজার উপজেলায় শনাক্ত হওয়া তিনজনের বয়স ২৩-২৩ হবে। এরা কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন হোটেল ও দোকানে কাজ করতেন।

গত তিনদিন আগে তারা বাড়িতে এসেছেন। তাদের তিনজনের সামান্য সর্দি, জ্বর আছে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজনের বয়স ৫৫, অন্যজন শিক্ষার্থী বয়স ১৬। এরা সম্পর্কে চাচা-ভাতিজা। ওই বৃদ্ধের এক মেয়ের গত ২৩ এপ্রিল করোনা ধরা পড়েছে। সুনামগঞ্জ সদর উপজেলায় শনাক্ত হওয়ার ব্যক্তি তাঁর সর্দি, জ্বর হওয়ার পর তিনি নিজে থেকেই পরীক্ষার জন্য নমুনা দিতে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়।

তিনি শহরের একটি ব্যাংকে চাকরি করেন। এ ছাড়া জগন্নাথপুর উপজেলায় আক্রান্ত হওয়া ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মী।

সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেছেন, আক্রান্তদের অনেকেরই করোনার উপসর্গ নেই। তারা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন। আমরা সবার সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। যদি কাউকে আইসোলেশনে আনতে হয় সেটি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত