করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা দিতে চালু হল ডক্টরস্ সেফটি চেম্বার। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যক্তিগত উদ্যোগে এই ডক্টরস্ সেফটি চেম্বার চালু করল স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার বাগেরহাট সদর হাসপাতালে ডক্টরস্ সেফটি চেম্বারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। হাসপাতালে ডক্টরস্ সেফটি চেম্বার চালু হওয়ায় করোনাভাইরাসের সংক্রমণের যে ঝুঁকি ছিল তা অনেকাংশে কাটবে এবং চিকিৎসকরা সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা দিতে আগ্রহী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ, আবাসিক মেডিকেল অফিসার ডা. বেলফার হোসেন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ চিকিৎসা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‘ডক্টরস সেফটি চেম্বারের’ উদ্বোধন শেষে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আস্থা ফিরেয়ে আনতে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু একটি প্রভূত ভূমিকা রাখবে। ভবিষ্যতে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলায় এই সেফটি চেম্বার অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এই পরিস্থিতির শুরুতে মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে আমরা ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ এই সেবা চালু করেছিলাম। যার ফলে হাসপাতালে রোগী কমলেও, সাধারণ রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছেন। হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষার জন্য এমপি মহোদয় ‘ডক্টরস সেফটি চেম্বার’ করে দিয়েছেন। এটি চিকিৎসকদের সুরক্ষায় ভূমিকা রাখবে।
