এলাকাবাসীর হুমকিতে নারী স্বাস্থ্যকর্মী ৮ দিন বাড়িছাড়া

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৯:০৭ পিএম

করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে মুন্সীগঞ্জের গজারিয়ায় এলাকাবাসীর হুমকির মুখে এক নারী স্বাস্থ্যকর্মী আট দিন ধরে বাড়িছাড়া হয়ে আছেন। সখিনা বেগম (৩৮) নামের ওই স্বাস্থ্যকর্মী জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া।

স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসকসহ পাঁচ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এতে উপজেলার আলীপুরা গ্রামে বসবাসরত স্বাস্থ্য কর্মী সখিনা বেগমকে এলাকাবাসী বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি দেয়।

এ পরিস্থিতিতে মঙ্গলবার পর্যন্ত আট দিন ধরে বাড়িঘর ছেড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে একাই বসবাস করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মী সখিনা বেগম।

তিনি জানান, বৃদ্ধ মা ও সন্তানদের নিয়ে তিনি আলীপুরা গ্রামের গাফ্ফার চৌধুরীর বাড়িতে ভাড়া থাকেন। করোনা সংক্রমণের আতঙ্কে এলাকাবাসী প্রথমে তাকে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি-ধমকি দেয়। এতে তিনি গেল আট দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে অবস্থান নিয়েছেন।

তিনি একা বাড়ি ছাড়লেও এখন এলাকাবাসী তার পরিবারের অন্য সদস্যদের অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছে বলে দাবি করেন স্বাস্থ্যকর্মী সখিনা বেগম।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী সাংবাদিকদের বলেন, কেউ স্বাস্থ্যকর্মীকে গ্রাম বা বাড়িঘর ছাড়ার হুমকি দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম জানান, স্বাস্থ্য সেবার সঙ্গে যারা সংশ্লিষ্টদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ওই স্বাস্থ্যকর্মীকে বাড়িতে অবস্থান করে নির্বিঘ্নে স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত