ত্রাণ পরিস্থিতি জানতে নেতাদের চিঠি দিয়েছে বিএনপি

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৬:০৪ এএম

করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণের অবস্থা জানতে নির্বাচনী আসনের প্রার্থী ও জেলা নেতাদের চিঠি দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।

বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত চূড়ান্ত ও বিকল্প প্রার্থী, বিজয়ী এমপি এবং সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে বলা হয়, আপনি আপনার এলাকার দায়িত্বশীল নেতা হিসেবে চলমান সংকট মোকাবিলায় কী কী উদ্যোগ নিয়েছেন তার একটি প্রতিবেদন চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত সাত শতাধিক নেতার কাছে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে একাদশ সংসদীয় আসনের নির্বাচিত এমপি, সংসদ সদস্য প্রার্থী এবং জেলার সভাপতি ও আহ্বায়কের কাছে ত্রাণ বিতরণ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন চাওয়ার সিদ্ধান্ত হয়।

গত শনিবার গুলশানে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা ইতিমধ্যে ৭ লাখ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত