জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে গুলি: গ্রেপ্তার ছাত্রলীগ ও যুবলীগ নেতা

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৭:৪৮ পিএম

মুন্সীগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গুলির ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়। 

এর আগে মঙ্গলবার রাতে সদরের চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাকিল ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি সুলতান কাজী বাবুকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। 

পরে বুধাবর বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

রবিবার রাত ৮টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলীর কক্ষ লক্ষ্য করে কে বা কারা গুলি ছুড়ে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। 

জেলা ডিবির ওসি মোজাম্মেল হোসেন দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার নলবুনিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা শাকিল ও হোগলাকান্দি গ্রামে অভিযান চালিয়ে সুলতান কাজী বাবুকে গ্রেপ্তার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ।

সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, গুলির ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম অজ্ঞাত পরিচয়দের আসামী করে সদর থানায় মামলা করেন। এরপর জেলা ডিবি পুলিশ মঙ্গলবার রাতে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত