জমি-জমা বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে মো. আলাউদ্দিন বেপারী(৪৫) নামের এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে প্রতিপক্ষ। এ সময় তাদের হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সকালে এ হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, পৌর এলাকার পাঙ্গাশীয়া গ্রামের মো. আলাউদ্দিন বেপারীর সঙ্গে একই গ্রামের মো. আলামিন বেপারী ও টিটু বেপারীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে মো. আলামিন বেপারীর নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যার পরে ১০/১২ জন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে আলাউদ্দিন বেপারীর বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।
এ সময় তাদের বাঁধা দিলে আদম বেপারী, কাদের বেপারী, তানজিলা বেগম, হাকিমন নেছা, টিটু, আকলিমা, সজিব ও সাগরসহ ১০ জন আহত হয়। পরে এ হামলার ঘটনায় কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আকলিমা বেগম।
এ ব্যাপারে ভুক্তভোগী মো. আলাউদ্দিন বেপারী বলেন, বিনা কারনে ইফতারীর পরে আলামিন বেপারী তার লোকজন নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। তাই আমি তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে কালকিনি থানা ওসি মো. নাছির উদ্দিন মৃধা বলেন, জমিজমার বিারোধ নিয়ে ওদের মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় আকলিমা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
