নিজের প্রতিবন্ধী ভাতার টাকা বরিশাল সিটি করপোরেশনের ত্রাণ তহবিলে জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মো. বাদশা খান।
বুধবার বিকেল ৪ টায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের হাতে তিনি ভাতার টাকা তুলে দেন।
বাদশা জানান, প্রতিবন্ধী হিসেবে তিনি প্রতি মাসে ৬ শত টাকা ভাতা পান। ৫ মাসের ভাতার তিন হাজার টাকা পয়লা রমজান তিনি উত্তোলন করেন ব্যাংক থেকে। এছাড়া তার জমানো ছিল আরও ২ হাজার টাকা। এই ৫ হাজার টাকা তিনি সিটি করপোরেশনের ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে জমা দেন।
বাদশা বলেন, সিটি করপোরেশনের মেয়র বরিশাল নগরবাসীর মধ্যে যারা নিম্ন আয়ের মানুষ তাদের খাবার দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে অর্ধলক্ষ নিম্ন আয়ের পরিবারকে খাবার তুলে দিয়েছেন। প্রতিদিন এই কাজে বিপুল পরিমাণ টাকা ব্যয় হচ্ছে। সেই ব্যয় বহনের জন্য মেয়র ত্রাণ তহবিল গঠন করেছেন। আর তাকে সহযোগিতা করার জন্য নিজের হাতে থাকা সবটুকু সেই ত্রাণ তহবিলে দান করেছেন।
নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজেরা খাতুন স্কুল এলাকায় বাদশা স্ত্রী, কন্যা, মা ভাইদের সঙ্গে থাকেন। নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় তার একটি দোকান রয়েছে।
সিটি মেয়রের উদ্ধৃতি দিয়ে প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, বাদশা বরিশালবাসীর গর্ব। শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও তিনি যে কাজটি করেছেন তা বাকি সবার জন্য অনুকরণীয়। মেয়র মহোদয় বাদশার এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার প্রতি কৃতজ্ঞতা জানান। এবং বাদশার মতো সকলকে ত্রাণ তহবিলে সহায়তাদানে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য গত ৬ এপ্রিল মেয়র নিজ উদ্যোগে ত্রাণ তহবিল গঠন করে নিজের এ পর্যন্ত প্রাপ্য সকল ভাতাসহ মোট ৩৫ লাখ ৫৪ হাজার টাকা তহবিলে প্রদান করেন। এ ছাড়া মেয়রের আহ্বানে সাড়া দিয়ে আরও কয়েকজন অর্থ প্রদান করেন। সব মিলিয়ে বুধবার পর্যন্ত তহবিলে ১ কোটি ৫ লাখ ৪ হাজার টাকা জমা পড়েছে।
