ফরিদপুরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আক্রান্ত প্রথম তিন রোগী

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৪:৪০ পিএম

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম তিনজন রোগীই সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের ছাড়পত্র নিয়ে তারা নিজ নিজ বাড়ি ফেরেন।

এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সগণ তাদের ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান।

সুস্থ্ হয়ে ঘরে ফেরা এই তিনজন হলেন- নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গি গ্রামের আব্দুল খলিলুর রহমান বেপারী (৬২), তার স্ত্রী জেসমিন আক্তার বুলু (৪৮) ও বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের মো. শাহাবুদ্দিন (৪৭)।

এদের মধ্যে খলিলুর রহমান গত ১৩ এপ্রিল সোমবার করোনা রোগী হিসেবে শনাক্ত হন। তার সপ্তাহখানেক আগে তিনি নারায়ণগঞ্জ হতে ফিরেন। ঢাকার আইসিসিআরে তার নমুনা পাঠানোর পর করোনা পজিটিভ আসে। তার সাথে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ঢাকা ফেরত আরো একজন।

তাদেরকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার পর নগরকান্দা উপজেলা লকডাউন করা হয়।

এর চারদিন পর শুক্রবার করোনা ভাইরাস পরীক্ষার পর পজিটিভ আসে খলিলুর রহমানের স্ত্রী জেসমিন আক্তারের।

ওইদিনেই বোয়ালমারীর শাহাবুদ্দিনের করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তাদেরও ফমেক হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই বোয়ালমারীর চন্দনা গ্রামটি লকডাউন করে স্থানীয় প্রশাসন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বুলু জানান, দু’দফায় তাদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসার পর আমরা তাদের সুস্থতার বিষয়টি নিশ্চিত হই। এরপরই তাদেরকে ছাড়পত্র দেয়া হয়। গত দুই সপ্তাহ যাবত করোনাভাইরাসের সাথে যুদ্ধ করার পর হাসপাতাল ছেড়ে যাওয়ার সময়য় ডাক্তার ও নার্সদের ফুলের অভিনন্দন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রোগীরা।

এদের একজন খলিলুর রহমান বলেন, হাসপাতালে আসার পর থেকে অনেক ভয়ে ছিলাম। আমার পরে যখন বাড়ির আরেকজনও করোনা আক্রান্ত হলো তখন ভয় আরো বেড়ে গিয়েছিলো।

তিনি বলেন, শরীরে যখন জ্বর বেড়ে যেত তখন খুব কষ্ট পেতাম। তবে আল্লাহর রহমতে খারাপ কিছু হয়নি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, বর্তমানে সেখানে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত