দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় কর্মরত বিআইডব্লিউটিসির আরও ৩ কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।
জানা গেছে, গত ২৬ এপ্রিল বিআইডব্লিউটিসির ২ জন স্টাফের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এ নিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় রীতিমত হৈচৈ শুরু হয়। এ ঘটনায় তাদের বসবাসের মেসটি লকডাউন করা হয়।
সেখানে কোয়ারেন্টাইনে রাখা হয় বিআইডব্লিউটিসির আরও ৫ জন স্টাফকে। পরদিন ওই পাঁচজনসহ মোট ২০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এতে মেসে অবস্থানরত ৩ জনের করোনা পজিটিভ আসে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, প্রথম দফায় বিআইডব্লিউটিসির ২ কর্মীর করোনা শনাক্তের ঘটনায় গত ২৭ এপ্রিল তাদের আরও ২০ কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করা হয়।
ওইদিন বিআইডব্লিউটিসির আরও ৯ জন স্টাফ ফেরিতে কর্তব্যরত থাকায় তাদের নমুনা দিতে অপারগতা জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ কারণে তাদের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।
