রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করোনাভাইরাস শনাক্তে নিজেদের তৈরি কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র।
শুক্রবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘রবিবার আমরা বিএসএমএমইউ-কে কিট সরবরাহ করবো। তারা যে পরিমাণ চাইবে সে পরিমাণ সরবরাহ করা হবে। যেহেতু বিএসএমএমইউ-তে করোনা রোগীর টেস্ট হয়, সেহেতু তারাই পারবেন এই কিটের পরীক্ষা করতে।’
এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমতি দেওয়ার পর বিএসএমএমইউ কর্তৃপক্ষ হাসপাতালের ভাইরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইফুল্লাহ মুন্সীকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে। এই কমিটির সদস্যরা গণস্বাস্থ্যের কিট পরীক্ষা করবেন। এরপর তারা ওষুধ প্রশাসন অধিদপ্তরে রিপোর্ট জমা দেবেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, তারা একেকটি নমুনা কমপক্ষে পাঁচবার করে পরীক্ষা করে দেখেছেন। পরীক্ষায় তারা সফল হবেন। বিশ্বের বিভিন্ন দেশে তাদের কাছে এই কিট চাইছে।
গত বুধবার মার্কিন প্রতিষ্ঠান গণস্বাস্থ্যের কাছে আরও ৮০০ কিট চাওয়ার পরদিন বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদপ্তর গণস্বাস্থ্যকে তাদের উদ্ভাবিত কিট পরীক্ষার অনুমতি দেয়।
এর আগে গত ২৫ এপ্রিল গণস্বাস্থ্য আনুষ্ঠানিকভাবে তাদের কিট হস্তান্তর করার জন্য অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু ওষুধ প্রশাসন অধিদপ্তরের কেউ ওই দিন কিট নিতে যায়নি।
পরদিন রবিবার গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে তাদের কিট জমা দিতে গেলে তখনো তা গ্রহণ করেনি ওষুধ প্রশাসন অধিদপ্তরের কেউ।
