অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন নাসিরুদ্দিন শাহ

আপডেট : ০১ মে ২০২০, ০১:৫৮ পিএম

বলিউডে একদিনের ব্যবধানে মারা গেলেন দুই তারকা ইরফান খান ও ঋষি কাপুর। তারই মাঝে বৃহস্পতিবার খবর ছড়িয়েছে, জীবন্ত কিংবদন্তি নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করছেন নাসিরুদ্দিন নিজেই। সোশ্যাল মিডিয়ায় জানান, “যারা আমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন, ভাবছেন আমি হাসপাতালে তাদের জানাচ্ছি— আমি সম্পূর্ণ সুস্থ আছি।”

এ দিকে সংবাদ সংস্থাকে নাসিরুদ্দিনের স্ত্রী অভিনেত্রী রত্না পাঠক বলেন, “আমরা সবাই ভালো আছি। ঠিক আছি।”

তাদের ছেলে অভিনেতা ভিভান শাহ টুইটে জানান, “বাবার অসুস্থতা বা মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। বাবা ভালো আছেন। ইরফান ভাই আর চিন্টুজির (ঋষি কাপুর) জন্য প্রার্থনা করছেন। তাদের দু’জনকেই খুব মিস করছেন বাবা। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।”

শুধু নাসিরুদ্দিন শাহ নয়— সম্প্রতি দীলিপ কুমার, মিঠুন চক্রবর্তী ও সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে ভিত্তিহীন খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত