গত বছর নিউইয়র্ক থেকে ফিরে ভালোই ছিলেন ঋষি কাপুর। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ৩০ এপ্রিল বৃহস্পতিবার চলে গেলেন বলিউডের আদরের চিন্টু জি! গোটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চকলেট বয় ঋষির প্রয়াণে গভীর ভাবে শোকাহত। আর এমনই আবহে ঋষি কাপুরকে ঘিরে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার একটি পোস্টকে এক্কেবারেই ঠিক ভাবে নিচ্ছেন না নেটিজেনের এক বিরাট অংশ।
তিনিও যে গভীরভাবে মর্মাহত, তা তার চোখে-মুখেই প্রকাশ পাচ্ছে। সেই রাজ কুন্দ্রাই ঋষির মৃত্যুর সন্ধ্যায় অর্থাৎ বৃহস্পতিবার আঁধার ঘনাতেই হাতে গ্লাস আর মদের বোতল নিয়ে ছবি পোস্ট করলেন। টুইটারে সেই ছবিতে শিল্পা শেট্টির স্বামী রাজ লিখলেন, ‘চিয়ার্স চিন্টু জি! এই বোতল একসঙ্গে খোলার প্রতিশ্রুতি আপনিই ভেঙে দিলেন।’
আর ঠিক এই ছবি দেখার পরেই তেলে বেগুনে জ্বলে ওঠেন নেটিজেনের একাংশ। একের পর এক কটূক্তি ধেয়ে আসে রাজ কুন্দ্রার টুইটার প্রোফাইলের ওই বিশেষ ছবিটিকে কেন্দ্র করে। টুইটার ব্যবহারকারীর একজন তো লিখেই ফেললেন, ‘আপনি কি পাগল হয়ে গিয়েছেন?’ আর একজন লিখলেন, ‘অন্তত আজকের দিনটার জন্য এই ধরনের ছবি পোস্ট করা কখনই উচিত নয়। ঈশ্বর আপনার মঙ্গল করুন!’
‘এ কেমন ধরনের শোকবার্তা! মদের বোতল নিয়ে ছবি তুলে পোস্ট করার জন্য বহু মানুষকেই বহিষ্কার করা হয়েছে। তবে নানান শ্রেণির মানুষের জন্য যদিও নানাবিধ নিয়ম রয়েছে’, লিখলেন আর একজন ইউজার।
অন্য এক ব্যবহারকারী রাজের এই অনুভূতির সঙ্গে একমত হলেও ছবি পোস্ট করার সময়টা যে এক্কেবারেই ঠিক হয়নি, হাবভাবেই বুঝিয়ে দিলেন সেই কথা। লিখলেন, ‘অনুভূতি ঠিকাছে। ঠিকাছে আবেগও। কিন্তু এই বোতলের ছবি না দিয়েও বার্তা দেওয়া যেত।’
তবে এহেন রাজ কুন্দ্রাই যখন টুইটারে মদের বোতলের ছবি পোস্ট করে চূড়ান্ত ট্রলড। তখনই ইনস্টাগ্রামে ঋষি কাপুরের সঙ্গে ছবি পোস্ট করে তিনি আবার সমাদৃতও।
ইনস্টাতে রাজ কুন্দ্রা ঋষি কাপুরের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখছেন, ‘প্রত্যেক পার্টির হৃদয়জুড়ে আপনিই থাকতেন! আপনার ওই হাসি আর মজাদার কথাবার্তা প্রতিটা ঘর আলো করে দিত। ঋষি আংকেল আপনাকে খুব মিস করব। এই বিপর্যয়ের সময়ে ঈশ্বর পরিবারকে অনেক শক্তি দিন- এই কামনাই করব।’
