করোনা চিকিৎসায় ‘রেমডেসিভির’ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ মে ২০২০, ১০:৩০ এএম

করোনাভাইরাসের চিকিৎসায় জরুরি প্রয়োজনে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির এর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্টের খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ)। 

ফলে এই ওষুধটি এখন থেকে কভিড-১৯ এর গুরুতর রোগীদের ওপর প্রয়োগ করা যাবে। 

বিবিসি জানায়, রেমডেসিভির মূলত ইবোলা ভাইরাসের ওষুধ। যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি গিলিড সায়েন্স এটি প্রস্তুত করে। তবে করোনা প্রতিরোধে ওষুধটি কাজে লাগাতে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে একটি ট্রায়াল চালায় তারা।

ট্রায়ালে গিলিড সায়েন্স দাবি করে, গুরুতর অসুস্থ করোনা রোগীদের চিকিৎসায় রেমডেসিভির পরীক্ষামূলক প্রয়োগে প্রায় দুই-তৃতীয়াংশ রোগীর অবস্থার উন্নতি ঘটেছে। তাদের তৈরি করা এই ওষুধ ৬৮ জনের ওপর পরীক্ষায় এই ফল পাওয়া গেছে। 

ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে গিলিডের প্রধান নির্বাহী ড্যানিয়েল ও'ডে জানান, এফডিএ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। তার কোম্পানি পনের লাখ ওষুধের শিশি দান করবেন বলে জানান।

মিটিংয়ে থাকা এফডিএ কমিশনার স্টিফেন হান বলেন, কভিড-১৯ রোগের জন্য এটি এখন পর্যন্ত প্রথম অনুমোদিত ওষুধ। অতএব এটির অংশ হতে পেরে আমরা সত্যিই গর্বিত

এদিকে এ ওষুধ গ্রহণযোগ্য নয় বলে আপত্তি জানিয়েছে চীন। বিশেষজ্ঞদের মতে, ওষুধটিকে করোনার জন্য 'জাদুকরী অস্ত্র' হিসেবে দেখাটা উচিত হবে না। 

তবে ট্রায়ালের পর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ চিকিৎসক ও বিজ্ঞানী অ্যান্থনি ফসি জানান, রেমিডিসিভির করোনা আক্রান্তদের সারিয়ে তুলতে যে কার্যকর ভূমিকা রাখে তা পরিষ্কার।

হোয়াইট হাউসে তিনি বলেন, এ ওষুধ করোনাকে আটকে দিতে পারে।  ফসি ট্রাম্পের করোনা মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের একজন সদস্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত