চাচার জন্য শোক না করে এ কেমন পোস্ট কারিনার?

আপডেট : ০৩ মে ২০২০, ০৩:০৩ পিএম

বৃহস্পতিবার মারা যান বলিউড অভিনেতা ঋষি কাপুর। এর মাঝেই শনিবার ভাতিজি কারিনা কাপুর খানের এক ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে খেপেছেন অনেকে।

হিন্দুস্তান টাইমস জানায়, এ দিন স্বামী সাইফ আলী খান ও ছেলে তৈমুরের একটি মিষ্টি ছবি পোস্ট করে কারিনা, যেখানে কাঁচি দিয়ে ছেলের চুল ছাঁটতে দেখা যাচ্ছে সাইফকে। ছবির ক্যাপশনে কারিনা লিখেছেন- ‘কারোর হেয়ারকাট প্রয়োজন?’

বাবা-ছেলের এই মিষ্টি ছবি অন্যসময় প্রশংসায় ভরিয়ে দিতো, সন্দেহ নেই। কিন্তু দুদিন আগেই যেখানে পরিবারের এক সদস্যের মৃত্যু ঘটেছে, সেখানে কারিনার এই পোস্ট অনেকের কাছেই অসংবেদনশীল মনে হয়েছে।

কমেন্ট বক্সে একজনের মন্তব্য, ‘তোমার পরিবারে কিছুদিন আগেই এত বড় শোকের একটা ঘটনা ঘটল। তুমি কী করে এখন মজা করছো?’ আরেকটি মন্তব্য এমন, ‘তোমার তো এখন শোকপ্রকাশ করবার সময়, তাই না? অন্তত এই ধরনের কোনো পোস্ট না করে নিজের সম্মান বজায় রাখা উচিত ছিল, মনে হচ্ছে যেন কিছু ঘটেনি!’

ঋষি কাপুরের বড় ভাই রণধীর কাপুরের মেয়ে এ অভিনেত্রী। বৃহস্পতিবার তিনি স্বামী সাইফসহ হাজির ছিলেন ঋষির শেষকৃত্যে। একই দিন প্রিয় চিন্টু চাচা’র জন্য ইনস্টাগ্রামে আবেগঘন বার্তাও পোস্ট করেন কারিনা।

কাপুর পরিবারের ফ্যামিলি অ্যালবাম থেকে বাবা রণধীর ও ঋষি কাপুরের ছেলেবেলার ছবি পোস্ট করে কারিনা লেখেন,‘আমার দেখা দুই সেরা পুরুষ-বাবা আর চিন্টু অ্যাঙ্কেল।’ এ ছাড়া শ্বশুর মনসুর আলী খান পতৌদি এবং ঋষি কাপুরের একটি পুরোনো ছবি পোস্ট করে লেখেন, ‘দুজন টাইগার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত