চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আজাইপুর, আরামবাগ, পোল্লাডাঙ্গা গোরস্তানে ৪০ বছর ধরে বিনাপারিশ্রমিকে কবর খুঁড়ে দেওয়া অসুস্থ নূর মোহাম্মদকে করোনাকালে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে পুলিশ।
গতকাল রবিবার দুপুরে পৌর এলাকার আজাইপুর পাবলিক ক্লাব চত্বরে নূর মোহাম্মদের কাছে এক মাসের বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৪০ কেজি চাল, ডাল, আটা, তেলসহ বিভিন্ন ফলমূল।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি (অপারেশন) মিন্টু রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাংবাদিক রফিকুল আলম, মেহেদী হাসান, আসাদুল্লাহ আসাদ, আশরাফুল ইসলাম। একই সময় নূর মোহাম্মদের চিকিৎসার জন্য নগদ অর্থও প্রদান করা হয়।
পুলিশ জানায়, সদর থানার ওসি জিয়াউর রমানের স্ত্রী সালমা আক্তার মনির অর্থায়নের খাদ্যসামগীগুলো প্রদান করা হয়। নূর মোহাম্মদ যুবক অবস্থা থেকে বার্ধক্যের আগপর্যন্ত প্রায় চার হাজার মৃত মানুষের জন্য কবর খুঁড়েছেন কোনোরকম পারিশ্রমিক ছাড়াই।
