আক্রান্তদের সংস্পর্শে আসা পাবনার আরও দুজন নার্সের করোনা শনাক্ত

আপডেট : ০৫ মে ২০২০, ১২:০৬ এএম

পাবনায় নতুন করে আরও দুজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা পাবনা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স। তারা পূর্বে আক্রান্ত হওয়া ইন্টার্ণ চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সের সংস্পর্শে এসেছিলেন।

সোমবার পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল সত্যতা নিশ্চিত করেছেন। নতুন দুজনকে নিয়ে পাবনায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

সিভিল সার্জন জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পাঠানো রিপোর্টে নতুন করে দুজন নার্সের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। গত ২৯ এপ্রিল তাদের নমুনা পাঠানো হয়েছিল। আক্রান্তরা হোম কোয়ারেন্টিনে ছিলেন। তবে, তাদের মধ্যে এখন পর্যন্ত করোনার কোন উপসর্গ প্রকাশ পায়নি।

সিভিল সার্জন আরও জানান, যেহেতু আক্রান্তদের মধ্যে কোন উপসর্গ দেখা যায়নি, সে কারণে আপাতত তাদের হোম আইসোলেশনে রেখেই চিকিৎসা দেয়া হবে। উপসর্গ দেখা দিলে প্রয়োজনবোধে কোভিড ডেডিকেডেট হাসপাতালে পাঠানো হবে।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, নতুন আক্রান্ত দুজনের বাড়ি পাবনা সদর উপজেলার পৌর শহরের শালগাড়ীয়া ও পাঁচমাথা এলাকায়। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। সংস্পর্শে আসা ব্যক্তিদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি তথ্য গোপন করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। কয়েকঘন্টা হাসপাতালে অবস্থানের পর কাউকে কিছু না বলেই ঢাকায় চলে যান তিনি। সেখানে, একটি হাসপাতালে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই রোগীর সংস্পর্শে আসা একজন ইন্টার্ণ চিকিৎসক ও একজন সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হন। সোমবার আরও দুজন নার্সের করোনায় আক্রান্ত হলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত