করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সীতাকুন্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের শিক্ষক মেহেদী হাসান (৩৩)। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর।
তিনি দীর্ঘদিন ধরে সীতাকুন্ডের জোড়ামতল এলাকায় ভাড়া বাসায় বাস করছিলেন।
তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুন্ড উপজেলা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ।
তিনি জানান, শিক্ষক মেহেদী হাসান গত ২৯ এপ্রিল জ্বরের সাথে শ্বাসকষ্টে ভোগেন। পরদিন তিনি ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ইউএনও মিল্টন রায়, সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ ও সীতাকুন্ড থানার ইন্সপেক্টর অপারেশন আবুল কালাম উপস্থিত হয়ে উক্ত বাড়ি ও এর আশপাশের আরো চারটি বাড়ি লকডাউন করেন।
এই নিয়ে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত সীতাকুন্ড উপজেলায় মোট চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
