লালমনিরহাটের হাতীবান্ধায় ধান মাড়াই মেশিনের ধাক্কায় রবিউল ইসলাম (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় লাভলু (২৫) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খাঁনের বাজার এলাকার লালমিনরহাট-বুড়িমারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রবিউল ইসলাম লালমিনরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার ভোলার চওড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি একজন কাপড় ব্যবসায়ী।
অপরদিকে আহত লাভলু একই উপজেলার বড়বাড়ী কদমতলা এলাকার মফিজুলের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ওই দু’জন একটি মোটরসাইকেলে করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে পাটগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই করা মেশিন তাদেরকে ধাক্কা দিলে তারা পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে যান।
এ সময় স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাাহ আল মামুন জানান, নিহতের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাকে মেডিকেলে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
এছাড়া আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার জানান, এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। এছাড়া ধান মাড়াই করা মেশিনটি আটক করেছে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ।
