মাশরাফীর সাথে ‘বেয়াদবি’ করে ৬ মাস সেঞ্চুরি পাননি তামিম!

আপডেট : ০৫ মে ২০২০, ১০:৫০ পিএম

মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবালের ফেইসবুক আড্ডাটা হয়ে উঠেছিল জমজমাট। অধিনায়ক মাশরাফী, ব্যক্তি মাশরাফীর অনেক গল্পই মানুষের জানা। তবে সোমবার ঘণ্টা খানিকের আড্ডায় তামিম ভক্তদের জন্য উন্মোচন করেছেন মাশরাফীর আরো অনেক অজানা অধ্যায়ের।

একজন মাশরাফীর ছায়ায় কীভাবে খারাপ সময় কাটিয়ে উঠেছিলেন তামিম, সে কথা তুলে ধরেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, মাশরাফী শুধুই একজন অধিনায়ক ছিলেন না, কখনো বাবা, কখনো বড় ভাইয়ের ভূমিকা পালন করেছেন। তবে অনেক মজার তথ্যও উঠেছে এসেছে দুজনের আলাপে। যার একটি, মাশরাফীর সঙ্গে বেয়াদবি করে তামিমের ৬ মাস সেঞ্চুরি বঞ্চিত থাকা!

হ্যাঁ, তামিম নিজের মুখেই এমনটা বলেছেন। আড্ডায় তামিম বলছিলেন, ‘আমরা প্লেয়াররা যারা ড্রেসিং রুমে থাকি, মাশরাফী ভাইকে কিন্তু বাবা হিসেবেও চিনি। বাবা মানে হলো, আলহামদুলিল্লাহ উনি যা বলেন, যেটা বলেন, কীভাবে না কীভাবে যেন সেটা হয়ে যায়। বিশেষ করে আমার জন্য তো এক শ তে এক শ।’

মাশরাফীকে তামিম একটা ঘটনা মনে করিয়ে দেন, ‘আল্লাহ জানেন, আমি আপনার সাথে বেয়াদবি করছিলাম না কি করছিলাম। আপনি বাথরুমে মার্কার দিয়ে লিখে দিয়েছিলেন, তুই নেক্সট সেঞ্চুরি করবি ছয় মাস পর। আমি ঠিক ছয় মাস তিন দিন পর সেঞ্চুরি পেয়েছিলাম।’

তামিমের তাই মাশরাফীর কাছে প্রশ্ন, ‘ভাই আমার সাথে আপনি এগুলো কেন করেন?’

মাশরাফী হেসে বলেন, ‘তোর সাথে না…। আজব ব্যাপার। তোর সাথে আমার লাইফে ডিসএগ্রী যত হয়েছে, আমার মনে হয় পৃথিবীর আর কারো সাথে হয়নি। প্রত্যেক বিষয় নিয়ে তোর সাথে আমার ডিসএগ্রী হয়। তবে তুই অবশ্যই ভালো বন্ধু। আমি তোকে যেটা বলি মন থেকেই বলি।’

‘কিন্তু আমি সব সময় টিমের জন্যই বলি। শুধু তোর জন্য বললে তো সেটা সেলফিসের মতো হয়ে যাবে। আমি টিমের জন্য চেয়েছি যে তুই সব সময় রান কর। কারণ তুই টিমের সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যাটসম্যান। ওপেনারদের মধ্য থেকে সব থেকে সিনিয়র।’

এরপরই তামিমের ৬ মাসের সেঞ্চুরি বঞ্চিত থাকা নিয়ে মাশরাফীর সংযোজন, ‘ওগুলো তো তোর সাথে ফাইজলামি করি।’

তামিম বলেন, ‘তাই বলে ছয় মাস পরই কেন হবে?’ মাশরাফী এবার ভবিষ্যৎ বাণীর মতো করে বলেন, ‘তুই দেখবি এরপর অনেক রান করবি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত