ভারতে আটকে পড়া আরও ১৩৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

আপডেট : ০৬ মে ২০২০, ০৩:০৮ পিএম

করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে কলকাতাসহ বিভিন্ন স্থানে আটকে পড়া আরও ১৩৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরেন ছোট ছোট দলে।

বেনাপোল চেকপোস্ট দিয়ে এ নিয়ে গত ৬ এপ্রিল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৩৩০ বাংলাদেশি পর্যায়ক্রমে দেশে ফিরেছেন বলে বেনাপোল আন্তর্জাতিক পুলিশ ইমিগ্রেশন জানিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, ফেরত আসা ১৩৫ জন বাংলাদেশির বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে এদের পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে গেছে।

বেনাপোল মেডিকেল অফিসার শুভংকর কুমার জানান, ভারত থেকে ফেরত আসা ১৩৫ পাসপোর্ট যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা হবে। আজ যারা এসেছে এদের আমরা যশোর-বেনাপোল মহাসড়কের গাজিরদরগাহ নামক একটি মাদ্রাসায় প্রেরণ করেছি। সেখানে এরা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর যদি কারো শরীরে করোনা সংক্রমণ ধরা না পড়ে সরাসারি বাড়ি চলে যাবে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল জানান, ভারতে ২৫ মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের কারণে ভারতের বিভিন্ন শহরে আটকা পড়া অনেক বাংলাদেশি সড়ক পথে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। সেখানে আটকা পড়া আরও বাংলাদেশি ফেরত আসার অপেক্ষায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত