বেশ কিছুদিন লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন, শোনা যায় হার্টের অস্ত্রোপাচারের কারণে তিনি শয্যাশয়ী, এমনকি তার মৃত্যুও ঘটেছে-এমন খবর কয়েক সপ্তাহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নানা জল্পনা কল্পনা চলে।
কিমের পর তার উত্তরাধিকারী কে হবেন এ নিয়েও বিশ্লেষণ শুরু হয়ে যায়। কিন্তু ২০ দিন পর সবাইকে অবাক করে দিয়ে ফিরে আসেন তিনি কিম।
তাহলে এতদিন কোথায় ছিলেন কিম, সত্যিই কি তিনি অসুস্থ ছিলেন?
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, কিম জং-উনের স্বাস্থ্যের বিষয়ে গুজব ভিত্তিহীন ছিল এবং তার হার্ট সার্জারি করার কোনও চিহ্ন নেই।
বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান সুহ হুন বুধবার দেশটির সংসদীয় কমিটির এক বৈঠকে এমনটি জানান।
তিনি বলেন, কিম অসুস্থতা নিয়ে যে গুজব ছড়িয়ে পড়েছে সেটির কোনো সত্যতা দেখছি না।
এদিকে সংসদীয় কমিটি আরও জানতে পারে, কিম জং-উন চলতি বছরে এখন পর্যন্ত ১৭ বার প্রকাশ্যে এসেছেন। যদিও অন্যান্য বছর এই সময়ের মধ্যে সেটি ৫০ বারের বেশি হতো।
প্রকাশ্যে আসা কমে যাওয়া প্রসঙ্গে কমিটির কিম বাইয়ুং কি নামে এক সদস্যের মত হচ্ছে, করোনার প্রাদুর্ভাবের কারণে এখন প্রকাশ্যে আসা কমে গেছে কিমের।
যদিও উত্তর কোরিয়ার দাবি দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ঘটেনি।
কিন্তু দক্ষিণ কোরিয়ার এই এমপি বলেন, উত্তর কোরিয়ায় যে করোনা সংক্রমণ ঘটেছে সেটি উড়িয়ে দেয়া যাচ্ছে না। কারণ এর মধ্যে দেশটির সামরিক ও দলীয় কর্মকাণ্ড অনেকটা সীমিত পর্যায়ে চলে গেছে। এমনকি জনগণের চলাচলও সীমিত হয়ে পড়েছে।
