কালকিনিতে আম ব্যবসায়ীকে জরিমানা, ২টি আড়ৎ সিলগালা

আপডেট : ০৭ মে ২০২০, ০১:০৭ এএম

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা বাজারে বুধবার আমের পাইকারি দুটি আড়ৎ-এ অভিযান চালিয়ে দুই হাজার কেজি অপরিপক্ক আম উদ্ধার করেছে র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আড়ৎ দুটিকে সিলগালা ও আম ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। ক্ষতিকারক রাসায়নিক ফরমালিন সম্বলিত আমগুলো ধ্বংস করা হয়।

র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভুরঘাটা বাজারের মো. মহিউদ্দিন হাওলাদার (৪০) এর ফলের আড়ৎ-এ অভিযান চালিয়ে এক হাজার কেজি ভেজাল অস্বাস্থ্যকর এবং মানব দেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক ফরমালিন সম্বলিত মজুদ রাখা আম ও দুই হাজার কেজি খেজুর উদ্ধার করা হয়। খেজুরে ক্ষতিকর কোন ফরমালিন আছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য ভোক্তা অধিকার অধিদপ্তরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ সময় একই বাজারে মেসার্স মুন্সি ফল ভান্ডারের মালিক মো. এমদাত হাওলাদার অভিযানের খবর পেয়ে তার আড়ৎ বন্ধ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার দোকানের তালা ভেঙ্গে সেখান থেকে ফরমালিন মেশানো এক হাজার কেজি অপরিপক্ক আম পাওযা যায়। পরে তাদের দুই জনের আড়ৎ থেকে ২ হাজার কেজি  উদ্ধার হওয়া আমধ্বংস করা হয়।

এ সময় কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম আমের আড়ৎ এর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ৭৫ হাজার টাকা অর্থদন্ড ধার্য করেন এবং দুটি দোকান সিলগালা করে দেন।

মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ভেজাল বিরোধী অভিযান চালিয়ে আমরা প্রায় দুই হাজার কেজি ফরমালিন যুক্ত আম উদ্ধার করি এবং আমগুলো ধ্বংশ করে ফেলি। ভেজাল বিরোধী অভিযান আগামীতে অব্যহত থাকবে। ভেজাল বিরোধী অভিযানের ক্ষেত্রে কোন অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুটি আড়ৎকে সিলগালা করে রাখা হয়েছে। সেখান থেকে ২ হাজার কেজি আম ধ্বংস করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত