যুক্তরাষ্ট্রে মৃত্যু বাড়ছেই

আপডেট : ০৭ মে ২০২০, ০৬:৪৬ এএম

মহামারী নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। বিশ্বে যত মানুষ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তার ৩৩ শতাংশই যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যাও এক দেশ হিসেবে সবচেয়ে বেশি। গতকাল পর্যন্ত বিশ্বে যত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তার ২৮ শতাংশই যুক্তরাষ্ট্রে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এবং জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত হিসাব বলছে, দেশটিতে করেনায় আক্রান্ত প্রায় সাড়ে ১২ লাখ মানুষের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ২ লাখ ৭৩৯ জন। আর মারা গেছেন ৭২ হাজার ২৮৪ জন। এ হিসাবে দেশটিতে সুস্থ হওয়ার হার ১৫ শতাংশের কিছু বেশি আর মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত প্রতি ১০০ জনের ছয়জন মারা গেছেন।

চলতি মাসের প্রথম দিকে টানা তিন দিন দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও গত মঙ্গলবার আবারও তা বেড়ে গেছে। ওইদিন দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৩০০-এরও বেশি মানুষের। তবে ভাইরাসের এপি সেন্টার নিউ ইয়র্কে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। বাড়ছে অন্যান্য অঙ্গরাজ্যে।

গতকাল পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৯২ হাজার ২৭৮ জনে। মারা গেছেন ২ লাখ ৬২ হাজার ৩৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার ১৬৭ জন। চিকিৎসাধীন ২২ লাখ ৫১ হাজার ৭৩৫ জন। তাদের মধ্যে ৪৮ হাজার ৫৬০ জনের অবস্থা গুরুতর।

এখন পর্যন্ত ১২ লাখ ৪৬ হাজার ৪৬২ জন আক্রান্ত নিয়ে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটি মৃত্যুর তালিকায়ও শীর্ষে। সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ২৩৪ জনে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে এখন করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৫৬১ জন। মারা গেছেন ২৫ হাজার ৬১৩ জন। তবে মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে উঠে যাওয়া যুক্তরাজ্যে বর্তমান আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ জন, মৃত্যুর সংখ্যা দ্বিতীয়বারের মতো রিভিউ করলে এক লাফে ৩২ হাজার ছাড়িয়ে যায়।

ইতালিতে গতকাল পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩১৫ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ১৩। ফ্রান্সে মারা গেছেন ২৫ হাজার ৫৩১ জন। আক্রান্ত ১ লাখ ৭০ হাজার ৫৫১ জন। ইউরোপের আরেক দেশ জার্মানিতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার। দেশটিতে গতকাল পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৯৯৩ জন। নেদারল্যান্ডসে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৮৭ আর মৃত্যু হয়েছে ৫ হাজার ১৬৮ জনের। বেলজিয়ামে রোগীর সংখ্যা ৫০ হাজার ৭৮১ জন। মারা গেছেন ৮ হাজার ৩৩৯ জন। সুইজারল্যান্ডে আক্রান্ত ৩০ হাজার ৯, মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯৫ জনের। তুরস্কে ১ লাখ ২৯ হাজার ৪৯১ জন আক্রান্ত আর ৩ হাজার ৫২০ জন মারা গেছেন। সুইডেনে ২৩ হাজার ২১৬ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ হাজার ৮৫৪ জন। রাশিয়ায় ১ লাখ ৬৫ হাজার ৯২৯ জন রোগী শনাক্ত হয়েছে। তবে মারা গেছেন ১ হাজার ৫৩৭ জন।

কানাডায় রোগীর সংখ্যা ৬২ হাজার ৪৬। মারা গেছেন ৪ হাজার ৪৩ জন। ব্রাজিলে ১ লাখ ১৫ হাজার ৯৫৩ জন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৯৫৮।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৬৫০ আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৪১৮ জনের। ভাইরাসটির উৎসস্থল চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮৮৩ এবং মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৬৩৩ জন। এছাড়া অনেক দেশেই রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে আর মারা গেছেন হাজারেরও বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত