তিন সপ্তাহে বসুন্ধরায় তৈরি হলো দেশের বৃহত্তম কভিড হাসপাতাল

আপডেট : ০৭ মে ২০২০, ১০:৫৫ এএম

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশে আইসিসিবি- ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার চারটি কনভেনশান সেন্টার এবং একটি প্রদর্শনী তাঁবুতে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় কভিড-১৯ অস্থায়ী হাসপাতাল। এতে সময় লেগেছে তিন সপ্তাহ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বসুন্ধরা গ্রুপ জমি ও অবকাঠামো ব্যবহার করতে দিলেও হাসপাতাল বানানোর মূল কাজটি করছে বাংলাদেশের সরকার।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর জানান, এই হাসপাতাল নির্মাণের জন্য প্রায় আড়ই লাখ বর্গফুট জায়গা তারা সরকারকে অস্থায়ীভাবে ব্যবহার করতে দিয়েছেন।

সামাজিক দায়িত্ব থেকেই হাসপাতাল তৈরির জন্য সরকারকে জায়গা দিয়েছেন বলে জানান সায়েম সোবহান আনভীর। তিনি বলেন, আমাদের ২৬টি প্রতিষ্ঠান আছে যার প্রতিটি থেকে লাভ করি। একটি প্রতিষ্ঠান থেকে আয় না করলে কিছু হবে না।

আনভীর বলেন, “এটা খুবই জনবহুল একটা দেশ, যদি এটি (কভিড-১৯) ভয়াবহ রূপ ধারণ করে তাহলে এটাকে সামলানোর মতো অবকাঠামো বাংলাদেশে নাই এখন পর্যন্ত। তাই আমরা চিন্তা করলাম, আমরা আমাদের কনভেনশান সেন্টারকে অস্থায়ী সেন্টার হিসাবে কেন ব্যবহার করি না?”

তিনটি কনভেনশন সেন্টার ও একটি প্রদর্শনী তাঁবুতে দুই হাজার তেরটি শয্যা পাতা হয়েছে বলে জানান অস্থায়ী হাসপাতালটি নির্মাণের দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান।

তিনি বলেন, “এখানে আসলে আইসোলেশন করে রাখা হবে আর পোর্টেবল অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকবে। দুই বেডের মাঝখানে আমরা বিদ্যুতের লাইন টেনে দিয়েছি ওখানে সকেট আছে। কোন রোগীর যদি পোর্টেবল অক্সিজেন লাগে অথবা অন্য কিছু লাগে যাতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় এবং ডাক্তাররা যেন তার রুমে বসে প্রত্যেকটা রোগীকে দেখতে পারেন তার জন্য সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। মনিটরটা ডাক্তারের রুমে থাকবে উনি দেখতে পাবেন।”

তবে কভিড-১৯ আক্রান্ত রোগীর জন্য জরুরি আইসিইউ ইউনিট ও ভেন্টিলেশন সুবিধা এখনো সংযোজন করা হয়নি। এসব সুবিধার জন্য বসুন্ধরা কনভেনশন সেন্টারের একটি ইউনিটে ৪৫ হাজার বর্গফুট জায়গা প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত না পাওয়ায় এখনো এটি আটকে আছে, বলছেন কর্মকর্তারা।

১৪ এপ্রিল থেকে কাজ শুরু করে এরই মধ্যে দুই হাজারের বেশি শয্যা পাতা হলেও কবে থেকে রোগীদের সেবা দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। এই বিষয়ে সায়েম সোবহান আনভীর জানান, তারা সরকারকে তাদের কনভেনশন সেন্টারগুলো এবং এর সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ, গ্যাস পানি ইত্যাদি ব্যবহার করতে দিচ্ছেন। ডাক্তার, নার্স বা যন্ত্রপাতি এসবের ব্যবস্থা সরকার নিজে করবে।

ইতিমধ্যে অস্থায়ী হাসপাতালটি পরিচালনার জন্য একজন পরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল পরিচালনার খুঁটিনাটি বিষয়গুলো এখনো চূড়ান্ত না হওয়ায় কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

তবে এই প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দৈনিক আট ঘণ্টা করে তিন ধাপে দায়িত্ব পালনের জন্য ৩১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৬৩০ জন মেডিকেল অফিসার, ১২৬০ জন সিনিয়র নার্স ও ২৫২০ জন স্টাফ নার্সের জন্য চাহিদাপত্র প্রস্তুত করেছেন তারা। চাহিদাপত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে এখানে চিকিৎসা দেওয়া শুরু করা যাবে।

অন্যান্য দেশেও বিশেষায়িত কভিড হাসপাতাল নির্মিত হয়েছে। সবার আগে উহানে মাত্র দশ দিনে এক হাজার শয্যার হাসপাতাল তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় চীন। মূলত ছোট ছোট কাঠামোকে জোড়া লাগিয়ে রাতারাতি এই হাসপাতাল তৈরি করে চীন। মহামারি ধীরে ধীরে কমে আসায় মার্চের শেষের দিকে বন্ধ করে দেওয়া হয় অস্থায়ী এ হাসপাতাল।

বেশ বড় আকারের দুটি কনভেনশান সেন্টারকে হাসপাতালে রূপান্তর করে করে ব্রিটেন ও স্পেন। স্পেন মাদ্রিদের আইএফইএমএ কনভেনশন সেন্টারকে ২৫০টি আইসিইউ শয্যাসহ সাড়ে পাঁচ হাজার শয্যার অস্থায়ী হাসপাতালে রূপান্তরিত করে। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দিনে তিনশ'র নিচে নেমে আসার পর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।

কভিড-১৯ আক্রান্ত রোগীর চাপ সামলাতে আগাম প্রস্তুতি হিসেবে এপ্রিল মাসের শুরুতে লন্ডনের এক্সেল এক্সিবিশন সেন্টারকে ‘নাইটিঙ্গেল হাসপাতাল’ নামে চার হাজার শয্যার অস্থায়ী একটি হাসপাতালে রূপান্তরিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত