টানা দ্বিতীয়বারের মতো মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
সাধারণত এমসিসির প্রেসিডেন্ট পদের মেয়াদ এক বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা হিসেবে পরিচিত এমসিসি’র প্রেসিডেন্ট পদে টানা দ্বিতীয় মেয়াদে কাউকে দেখা যায়নি। তবে করোনাভাইরাসের কারণে এবার ব্যতিক্রম হচ্ছে।
সাঙ্গাকারাকে এ ব্যাপারে প্রস্তাব দেওয়া হবে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এমসিসি। ২৪ জুন এমসিসি’র বার্ষিক সাধারণ সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
সে ক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারাকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্বে দেখা যেতে পারে। প্রথম নন-ব্রিটিশ হিসেবে গত বছর অক্টোবরে এমসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হন সাঙ্গাকারা।
১৮২১ সালে তৈরি হয় মেরিলেবোন ক্রিকেট ক্লাব। এরপর মোট ১৬৮ জন এই সংস্থার প্রেসিডেন্ট পদ সামলেছেন।
