বাস চালানোর দাবিতে সায়েদাবাদে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৭ মে ২০২০, ০৯:১৩ পিএম

পরিবহন চলাচলের অনুমতি ও আর্থিক সহায়তার দাবিতে রাজধানীর সায়েদাবাদে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে কয়েক শ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের মাধ্যমে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাকিবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘পরিবহন শ্রমিকেরা গাড়ি চলাচলের অনুমতি ও এই করোনাকালের সংকটে আর্থিক সহায়তার দাবিতে সায়েদাবাদে সকাল পৌনে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের বুঝিয়ে সাড়ে ১১টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসময় তারা কোনো ভাঙচুর করেনি।’  

বিক্ষোভে অংশ নেয়া এক শ্রমিক বলেন, গাড়ি চালালে মালিক সমিতির লোক প্রতিদিন ১২০০ টাকা চাঁদা নেয়। কিন্তু দুই মাস ধরে আমাদের কোনো খোঁজখবর নেই। ফোন দিলে মালিক সমিতির লোক ফোন ধরে না। আমরা এত শ্রমিক কোনো কিছু পাই না। আমাদের ভোটার আইটি কার্ড, লাইসেন্সের ফটোকপি নিয়েছে। আমাদের সহায়তা কোথায়? আমাদের বউ-পোলা না খেয়ে মরতেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত