করোনাভাইরাস মহামারীর কারণে একাধিক দুর্ভিক্ষ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বৈশ্বিক মানবিক সহযোগিতা প্রকল্পের জন্য ৪৭০ কোটি ডলারের তহবিল গঠনের আহ্বান জানানোর পর গতকাল বৃহস্পতিবার সংস্থাটির মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি মার্ক লোকক এ সতর্কতার কথা জানান।
মার্ক লোকক বলেন, মহামারীতে বিশ্বের দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। আমরা যদি এখনই পদক্ষেপ না নেই তাহলে আমাদের বড় ধরনের সংঘাত, ক্ষুধা ও দরিদ্র বৃদ্ধির জন্য প্রস্তুত থাকতে হবে। জাতিসংঘের তহবিল থেকে ৫০টিরও বেশি ঝুঁকিপূর্ণ দেশে চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষার কিট ও অসুস্থদের সহযোগিতা এবং হাত ধোয়ার কেন্দ্র স্থাপন করার ব্যবস্থা হচ্ছে। এর আগে গত মার্চ মাসে জাতিসংঘ প্রাথমিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ২০০ কোটি ডলার তহবিল আহ্বান করেছিল। এর মধ্যে সংস্থাটি ৯০ কোটি ডলার সংগ্রহ করেছে।
সিএনএনের এক প্রতিবেদন অনুসারে, বিশ্ব খাদ্য সংস্থা আশঙ্কা করছে, মহামারী বিশ্বের ১৩ কোটি মানুষকে অভুক্তের দিকে ঠেলে দেবে। আগামী কয়েক মাসের মধ্যে একাধিক দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি গত মঙ্গলবার বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হলে প্রায় ৩৬টি দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এ দেশগুলোর মধ্যে অন্তত ১০টিতে এখনই ১০ লাখের বেশি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।
