মালাইকা অরোরা এবং আরবাজ খানের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর হতে চলল। নতুন জীবনে নতুন সঙ্গী নিয়ে পথ চলা শুরু করেছেন তারা।
এক সময় বলি পাড়ার 'পাওয়ার কাপল' হিসেবে পরিচিত এই জুটি আজ একে অপরের থেকে অনেকটাই দূরে। তবে, তাদের এই ছাড়াছাড়ি মন থেকে মেনে নিতে পারেননি অধিকাংশ ভক্তই। এমনকি তাদের পরিবারের তরফ থেকেও উঠেছিল আপত্তি।
বিচ্ছেদের আগের রাতেও মালাইকার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিবারের প্রিয়জনেরাও। সেই রাত, সেই 'বাত' নিয়ে করিনা কপূরের চ্যাট-শোতে মালাইকার অকপট স্বীকারোক্তি এই লকডাউনে ভাইরাল হয়েছে।
মালাইকা বলেন, সবাই বলেছিল কোরো না। বিচ্ছেদের পথে পা দিও না। আমি আদৌ এই সিদ্ধান্তে শিওর কি না সে নিয়েও উড়ে এসেছিল প্রশ্ন।
আরবাজ আর মালাইকার ছেলে তখন বেশ ছোট। বাবা-মার এত বড় সিদ্ধান্তে তার কী প্রতিক্রিয়া হয়েছিল? মালাইকার কথায়, আরহানের কাছে আমার খুশিই সবচাইতে ম্যাটার করে। পুরো ব্যাপারটাই খুব ভালভাবে গ্রহণ করেছিল ও।
তবে বিচ্ছেদের সিদ্ধান্ত সহজ ছিল না মোটেও। এ নিয়ে কাদা ছোড়াছুড়ি যে হবে তা জানতেন দু'জনেই। তাই সোশ্যাল মিডিয়ায় দু'জনেই খবরটা একসঙ্গে জানিয়েছিলেন।
পরিবারকেও পাশে পেয়েছিলেন এই কঠিন সময়ে। কিন্তু ট্রলিং পিছু ছাড়েনি। বয়সে অনেকটাই ছোট অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়ানোয় কথা শুনতে হয়েছিল মালাইকাকে। অর্জুন কপূর আবার আরবাজের বোন অর্পিতার প্রাক্তন। তাই নিয়েও উড়ে এসেছিল নানা কটু মন্তব্য। যদিও সে সব গসিপকে পাত্তা না দিয়ে বর্তমানে ভাল আছেন মালাইকা-অর্জুন।
অন্যদিকে আরবাজও ভালবাসা খুঁজে পেয়েছেন জর্জিনার মধ্যে। শোনা যাচ্ছে শিগগিরি বিয়ে করবেন তারা।
