লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব উদ্দিনকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে বেদম মারধর করার ঘটনায় তার ছেলে মসজিদের ইমাম মো. বদরোদ্দৌজাকে (৩২) কে আটক করেছে পুলিশ।
৯০ বছর বয়সী বৃদ্ধ আফতাব উদ্দিন কচুয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। বয়সের ভারে হারিয়েছেন দৃষ্টিশক্তি। তার ছেলে বোদরোদ্দৌজা রামগঞ্জ পাট বাজার দারুস সালাম জামে মসজিদের পাঞ্জেগানা ইমাম।
জানা যায়, বৃহস্পতিবার ফজরের নামাজের সময় উপজেলার রামগঞ্জ কাঠ বাজার এলাকায় ইমাম বদরোদ্দৌজার ভাড়া বাসায় সে তার বাবাকে প্রহার করে আহত করে। এ ঘটনায় বৃদ্ধ মাদ্রাসা শিক্ষকের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে রাতেই রামগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বৃদ্ধ বাবা আফতাব উদ্দিনের চিকিৎসার সমুদয় খরচ নিজে বহনসহ উক্ত পরিবারের সদস্যদের হাতে ১৫দিনের খাবার তুলে দেওয়া হয়।
এ সময় আনোয়ার হোসেন জানান, যত দিন পর্যন্ত ওই বৃদ্ধ বাবা মা রামগঞ্জে অবস্থান করবেন তত দিন তিনি নিজের বেতনের টাকা দিয়ে বৃদ্ধ বাবার পরিবারের সকল ব্যয়ভার বহন করবেন। তিনি আরও জানান, বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম (সেবা) স্যার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। স্যারের নির্দেশের আগেই আমরা ঘটনার মূল আসামি পাট বাজার দারুস সালাম জামে মসজিদের ওই ইমাম বদরোদ্দৌজাকে আটক করেছি এবং ঘটনাটি যারা ধামাচাপা দিতে চেয়েছে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে ফজলুল হক ও রামগঞ্জ থানার এস আই মো. মহসিন চৌধুরী।
আহত বৃদ্ধ মো. আফতাব উদ্দিন জানান, ছেলেরা বড় হয়েছে। তারা যার যার মতো বিভিন্ন জায়গায় থাকে। আমি ছেলে বদরোদ্দৌজার সঙ্গে রামগঞ্জের ভাড়া বাসায় থাকি স্ত্রীকে নিয়ে। সে প্রায়ই আমাদের বাড়ির সম্পত্তি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করত। আরও একবার আমাকে খুব মেরেছে।
“বৃহস্পতিবার ভোররাতে সাহেরী খাওয়ার জন্য উঠলে সে আবারও তাকে বাড়ির সম্পত্তিসহ বিদেশ থেকে আমার বড় ছেলের পাঠানো টাকা তাকে দেওয়ার জন্য বললে বিষয়টি নিয়ে আমি অন্য ছেলেদের সঙ্গে কথা বলার দরকার বলে জানানোর সঙ্গে সঙ্গে সে আমার হাতের লাঠি দিয়ে আমাকে বেদম মারধর করে। আমি ৪২টি বছর একটি মাদ্রাসায় শিক্ষকতা করেছি। হাজার হাজার ছেলেকে মানুষ করেছি, অথচ আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি।”
এ সময় আফতাব উদ্দিন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রতিও কৃতজ্ঞতা জানান, দু হাত তুলে দোয়া করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনার মূল হোতাকে গ্রেপ্তারে অভিযান চালাই। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম (সেবা) স্যারের সার্বিক দিকনির্দেশনায় স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে রাতে শহরের বাইপাস সড়কের ওপর থেকে রামগঞ্জ পাট বাজার দারুস সালাম জামে মসজিদের ইমাম মো. বদরোদ্দৌজাকে গ্রেপ্তার করি।
