মসজিদের ভেতরে আততায়ীর গুলিতে সোমালিয়ান ফুটবলার নিহত

আপডেট : ০৮ মে ২০২০, ০৬:৩৩ পিএম

মসজিদের ভেতরে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন সোমালিয়া জাতীয় দলের সাবেক গোলরক্ষক আবদিওয়ালি ওলাদ কানিয়ারে।

বৃহস্পতিবার তারাবি নামাজ আদায়ে মসজিদে গিয়েছিলেন কানিয়ারে। সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর থেকে ২৮ কিলোমিটার দূরের শহর আফগুয়ের একটি মসজিদে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

৩৯ বছর বয়সী সাবেক ফুটবলার কানিয়ারে কোচিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। সিএএফ (আফ্রিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা) বি লাইসেন্সধারী কোচ ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত সোমালিয়া জাতীয় দলের গোলকিপার কোচ হিসেবে কাজ করছিলেন। এ ছাড়া স্থানীয় একটি ক্লাবের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

২০১৫ সাল পর্যন্ত সোমালিয়ার জার্সিতে খেলা কানিয়ারের জন্ম ১৯৮০ সালের ১৫ মে। আগামী শুক্রবার ৪০তম জন্মদিন পালনের অপেক্ষায় ছিলেন।

এক মাস আগেই সোমালিয়ার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার সাইদ মোহাম্মদ মারা গেছেন। দীর্ঘ রোগ ভোগের পর ৭৩ বছর বয়সে মারা যান তিনি। মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আবদুল কাদির মোহাম্মদ ফারাহ। সব মিলে দেশটির ফুটবলে শোক কাটছেই না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত