পৃথিবী থেকে তোলা হল বৃহস্পতির ‘সূক্ষ্মতম’ ছবি

আপডেট : ০৯ মে ২০২০, ০১:১৫ পিএম

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির পরিষ্কার ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, সূক্ষ্ম পর্যবেক্ষণের জন্য এমন ছবি পৃথিবী থেকে আগে কখনো তোলা সম্ভব হয়নি।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত জেমিনি নর্থ টেলিস্কোপের ইনফ্রারেড থেকে এসব ছবি পাওয়া গেছে।

গ্রহটির ছবির এই রেজোল্যুশন পাওয়ার জন্য বিজ্ঞানীরা ‘লাকি ইমেজিং’ নামের একটি প্রযুক্তি ব্যবহার করেছেন, যা পৃথিবীর অশান্ত বায়ুমণ্ডলের ভেতর দিয়ে দেখার সময় যে ঝাপসা ভাবটি আসে, সেটা দূর করে দেয়।

হাবল টেলিস্কোপের মতো টেলিস্কোপগুলো যতটা আলোক তরঙ্গ শনাক্ত করতে পারে, ইনফ্রারেড টেলিস্কোপ তার চেয়ে দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্য শনাক্ত করতে পারে।

মেঘাছন্ন এবং কুয়াশায় ভরা বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলের শীর্ষস্থর দেখতে এটি অতীতে ব্যবহৃত হতো। যা দিয়ে বিজ্ঞানীরা গ্রহটির অভ্যন্তর বোঝার চেষ্টা করতেন।

বিজ্ঞানীরা আরো পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করছেন যে, এই গ্রহটির বিশাল গ্যাসস্তর নির্ভর আবহাওয়া কীভাবে তৈরি হয়েছে এবং টিকে রয়েছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একটি গবেষণার অংশ হিসেবে এই ইনফ্রারেড ছবিগুলো পাওয়া গেছে। এটি যৌথ গবেষণা কর্মসূচীর অংশ যেখানে হাবল টেলিস্কোপের পাশাপাশি জুনো মহাকাশযান সম্পৃক্ত রয়েছে, যেটি সৌরমণ্ডলের এই পঞ্চম গ্রহটি ঘিরে প্রদক্ষিণ করছে।

বিজ্ঞানীরা এই ছবির মাধ্যমে বুঝতে চেষ্টা করছেন কীভাবে শতাব্দীর পর শতাব্দী গ্রহটিতে ঝড় অব্যাহত থাকে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী মাইকেল ওয়াং বিবৃতিতে বিষয়টি এভাবে ব্যাখ্যা করেছেন, ‘বিজ্ঞানীরা বজ্রপাতের দৃশ্য তুলেছেন, কারণ এটি দিয়ে বৃহস্পতিবার অশান্ত মিশ্রণ প্রক্রিয়া বোঝা যায়, এটি বৃহস্পতির অভ্যন্তরীণ তাপকে দৃশ্যমান মেঘের শীর্ষে স্থানান্তর করে। বস্তুকণার স্থানান্তরের মাধ্যমে তাপ সঞ্চারণে বৃহস্পতি এবং পৃথিবীতে কী ধরণের পার্থক্য আছে, বজ্রপাতের এই উৎসের মাধ্যমে চলমান গবেষণায় সেটি বুঝতে সুবিধা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত