ট্রাম্প-কন্যার ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত

আপডেট : ০৯ মে ২০২০, ০২:০১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সহকারীও নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে তার বাবার সেবার কাজে নিয়োজিত একজনের শরীরে করোনা ধরা পড়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলারের আক্রান্তের খবর পাওয়া যায়।

বিজনেস ইনসাইডার জানিয়েছে, সহকারী কয়েক সপ্তাহ ধরে ইভাঙ্কার কাছাকাছি আসেননি। সব কাজ করছিলেন দূর থেকে। তার পরিচয় প্রকাশ করা হয়নি।

সহকারীর আক্রান্তের খবর আসার পর শুক্রবার ইভাঙ্কা এবং তার স্বামী জারেড কুশনারের পরীক্ষা করা হয়। দুজনই নেগেটিভ।

সিএনএন জানিয়েছে, ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে হোয়াইট হাউজের চিকিৎসকেরা চিন্তায় আছেন। দুজনের কেউই মাস্ক পরতে চান না।

পেন্স গত সপ্তাহে মায়ো ক্লিনিক হাসপাতাল পরিদর্শনের সময় সেখানকার স্বাস্থ্যবিধি ভঙ্গ করে সমালোচনার জন্ম দেন। ওই সময় তাকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি।

পেন্স হাসপাতাল ছাড়ার পর ক্লিনিকের পক্ষ থেকে টুইটে জানানো হয়, তাকে মাস্ক পরতে আহ্বান জানানো হলেও পরেননি। পরে এই টুইট ডিলিট করা হয়।

ট্রাম্প আরও একধাপ এগিয়ে। প্রকাশ্যে আসলে কখনোই তিনি মাস্ক পরছেন না। চলতি সপ্তাহে মাস্ক তৈরির একটি কারখানায় যান একদম খালি মুখে। হাতেও ছিল না গ্লাভস!

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সবশেষ তথ্যে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩৫ জনের। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৩৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত