পরিচয় অনেকদিনের হলেও সুজিত সরকারের ‘পিকু’তে অভিনয় করতে গিয়ে বন্ধুত্ব হয় ইরফান খান ও দীপিকা পাড়ুকোনের। আচমকা সেই বন্ধুবিচ্ছেদ এখনো মেনে নিতে পারছেন না নায়িকা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে নিজের আক্ষেপের কথা প্রকাশ করছেন।
ইরফান খানের মৃত্যুর পর ‘পিকু’ ছবির একটি দৃশ্য পোস্ট করেন দীপিকা। তাদের সঙ্গে ওই ছবিতে আরও ছিলেন পরিচালক সুজিত সরকার।
ছবির নিচে ‘পিকু’র একটি গানের লাইন তুলে দেন তিনি, ‘লমহে গুজর গয়ে…’। গোটা গানটি পোস্ট করে দীপিকা লেখেন, ‘শান্তিতে থেকো প্রিয় বন্ধু।’
এবার দীপিকা শেয়ার করলেন ‘পিকু’র সেটেরই একটি ভিডিও। সেখানে তাকে ও ইরফান খানকে টেনিস খেলতে দেখা যায়। দীপিকা ব্যাডমিন্টন খেলেন ভালো, জাতীয় স্তরের প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন। টেনিসও তিনি ভালোই খেলেন। ‘পিকু’র সেটে তাই ইরফানের সঙ্গে খেলতে বেশ মজাই পেয়েছেন তিনি। ইরফানও মজেছেন টেনিসে। দুজনের এই খেলার ভিডিও শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘প্লিজ ফিরে এসো’।
২৯ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে মারা যান ইরফান খান। ৫৩ বছর বয়স হয়েছিল তার। কোলন ইনফেকশনের কারণে মৃত্যু হয়। ইরফান ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করছিলেন। ‘লঞ্চবক্স’ ও ‘লাইফ অফ পাই’-এর মতো আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ দেখা গিয়েছিল ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে। সঙ্গে ছিলেন করিনা কাপুর, রাধিকা মদন ও দীপক ডোব্রিয়াল।
